মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওষুধ পাচারের চক্র ফাঁস
দি নিউজ লায়ন ; মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ওষুধ পাচারের বড়সড় চক্রের হদিশ মিলল। এই ঘটনায় বহরমপুর থানার পুলিস হাতে নাতে দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন হাসপাতালে কর্মীও রয়েছেন বলে জানা যায়। ধৃতদের নাম কিশলয় সরকার ও আনিসুর রহমান। কিশলয় ফার্মাসিস্টের কাজ করত।
আনিসুরের বাড়ি হরিহরপাড়ায়। তাদের জেরা করে চক্রের রাঘব বোয়ালদের খুঁজে বের করার চেষ্টা শুরু করেছে পুলিস। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ধৃত ওই দুইজনকে পুলিশি হেফাজতে বহরমপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে আগামীকাল। এদিকে প্রাথমিক তদন্তে জানা যায়, সপাতালের স্টোর রুম থেকে দামি ওষুধ চুরি করে বাজারে বিক্রি করে দেওয়া হতো। বাইরের লোকজনকে রোগীর আত্মীয় সাজিয়ে কয়েকজন কর্মী ও আধিকারিক ওষুধ বাইরে বের করত। ব্যাগ বা পোশাকের আড়ালের মধ্যে জড়িয়ে ওষুধ বাইরে নিয়ে যাওয়া হতো।
নতুন নতুন লোকজনকে 'ক্যারিয়ার' হিসেবে ব্যবহার করা হতো। এমন অভিযোগ বেশ কিছুদিন ধরেই কর্তৃপক্ষের কাছেও আসছিল। সেই কারণে স্টোর রুমের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়। সিসি ক্যামেরা বসানো হয়েছিল। তাতেই এদিন বাজিমাত হলো। আচমকা দেখা যায় এক সন্দেহভাজন ব্যক্তি গেট দিয়ে বেরিয়ে আসছিল। তার হাতে থাকা ওষুধের বাক্সটি দেখে সন্দেহ হওয়ায় নিরাপত্তারক্ষীদের। তৎক্ষণাৎ তাকে থামিয়ে জেরা শুরু করে।
এ ব্যাপারে মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, পুরো ঘটনাটা এখনো পরিষ্কার নয়। তবে গুরুত্বসহকারে ঘটনার তদন্ত করে খতিয়ে দেখে এই চক্রান্তের যুক্ত থাকা দের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে"।মুর্শিদাবাদের পুলিস সুপার কে শবরী রাজকুমার বলেন, ওষুধগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এই চক্রে আর কারা জড়িত আছে, তা তাদের জেরা করে জানা যাবে।

Post a Comment